সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওবামার আলোচনামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে তিউনিসিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং লেবাননে রফিক হারিরি হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের তদন্ত নিয়ে সৃষ্ট উত্তেজনার বিষয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মিসরের নেতার সঙ্গে আলাপকালে ওবামা তিউনিসিয়ায় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ও সহিংসতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেছেন। এএফপি।নিহত দুই সহস্রাধিক২০১০ সালে সুদানের দারফুরে সহিংসতায় দুই হাজার ৩০০ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত নতুন পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের ওপর হামলা ও অপহরণের হার ক্রমাগত বেড়েই চলছে। কয়েকজন কূটনীতিক অভিযোগ করেছেন, সুদান সরকার পশ্চিমাঞ্চলের দারফুরে চলমান সহিংসতাকে আরও উসকে দিচ্ছে। ২০০৩ সাল থেকে সরকারের বিরুদ্ধে সুদান লিবারেশন মুভমেন্ট এবং জাস্টিস অ্যান্ড ইক্যুয়ালিটি মুভমেন্ট নামের দুটি সংগঠন যুদ্ধ চালিয়ে আসছে। এএফপি।