সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফেসবুক দায়ী!সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। যোগাযোগ, সঙ্গ কিংবা সঙ্গীর সন্ধানও মিলছে এই ফেসবুকে। তবে এই ফেসবুকই আবার হয়ে উঠেছে বেদনার কারণ। সম্প্রতি ব্রিটেনে বিবাহবিচ্ছেদের হার তুলনামূলকভাবে বেড়েছে। ফেসবুককেই এ জন্য দায়ী করা হচ্ছে। বিচ্ছেদ-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, ফেসবুকের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনা বেড়ে চলছে। বিবাহিত ব্যক্তিরা অনলাইনে নতুন কারও সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন কিংবা প্রতারণার শিকার হচ্ছেন। আর সন্দেহপ্রবণ দম্পতিরা তাঁদের সঙ্গীকে পরীক্ষা করার জন্যও ফেসবুক ব্যবহার করছেন। দ্য সান।মাওবাদী হামলাপশ্চিমবঙ্গের পশ্চিম মোদিনীপুর জেলায় মাওবাদীদের হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। জেলার শালবনী এলাকার বনবেষ্টিত রামেশ্বরপুর গ্রামের একটি দোকানে কয়েকজন চা পান করছিল। এ সময় একদল সশস্ত্র মাওবাদী হামলা চালায়। এতে তিন গ্রামবাসী নিহত ও একজন আহত হয়। সিপিএম দাবি করেছে, হতাহত ব্যক্তিরা তাদের দলের কর্মী। এ ঘটনার প্রতিবাদে দলটি আজ সোমবার শালবনীতে ১২ ঘণ্টার বন্ধ্ ডেকেছে। কলকাতা প্রতিনিধি। মার্কিন বিমান হামলাপাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের দুর্গম উপজাতি এলাকায় গতকাল রোববার চালকহীন দুটি মার্কিন বিমানের (ড্রোন) হামলায় সাতজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৪০ কিলোমিটার দূরে দত্তখেল এলাকায় দুটি বিমান হামলা চালানো হয়। ওই এলাকায় একটি বাড়ির সামনে পার্ক করা দুটি গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে চারজন নিহত হয়। পরে একটি চলন্ত মোটরসাইকেলে দ্বিতীয় হামলা চালানো হয়। এতে ওই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়। নিহত ব্যক্তিদের সবাই জঙ্গি বলে দাবি করেন কর্মকর্তারা। এএফপি।