সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রকেট হামলাগাজা থেকে গত সোমবার রাতে জঙ্গিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। এতে ওই এলাকার লোকজন সতর্ক হয়ে যায়। ভণ্ডুল হয় একটি বিয়ের অনুষ্ঠান। তবে কেউ হতাহত হয়নি। গতকাল একজন ইসরায়েলি মুখপাত্র জানান, রাতে একটি রকেট এশকল এলাকায় এসে পড়ে। এ ছাড়া অন্য রকেটগুলো গাজা থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে নেটিভট ও ওফাকিম শহরের কাছাকাছি এলাকায় এসে পড়ে। এএফপি।প্রবীণতমার মৃত্যুবিশ্বের সবচেয়ে বয়স্ক নারী বলে পরিচিত ইউনিস সানবর্ন গত সোমবার মারা গেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজ বাসভবনে ১১৫ বছর বয়সে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার তাঁর তত্ত্বাবধানকারী এ কথা জানান। সানবর্ন গত বছরের ২০ জুলাই তাঁর ১১৫তম জন্মদিন উদ্যাপন করেন। সানবর্নের পরিবারের দাবি, তিনি ১৮৯৫ সালে জন্মগ্রহণ করেন। টেলিগ্রাফ অনলাইন।দীর্ঘ শীতকালউত্তর কোরিয়ায় গত ছয় দশকের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শীতকাল চলছে। এতে চলতি বছর তাদের খাদ্যশস্য উৎপাদন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার টোকিও-ভিত্তিক পত্রিকা চোসান-সিনবোর প্রতিবেদনে বলা হয়, দেশটিতে তাপমাত্রা গত ২৪ ডিসেম্বর থেকে টানা ৪০ দিন শূন্য ডিগ্রির নিচে রয়েছে। ১৯৪৫ সালের পর চলতি বছর দেশটিতে দীর্ঘকালব্যাপী শীত পড়েছে। চলতি শীত মৌসুমে গড় তাপমাত্রা গত বছরের চেয়ে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। এএফপি।