সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গ্রেপ্তারমাদক চোরাচালানিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সম্প্রতি কলম্বিয়ার সাবেক আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানান, তাঁরা অভিযোগের সত্যতা পেয়েছেন। জব্দ করা কম্পিউটারের মেমোরি কার্ডে সংরক্ষিত একটি ভিডিও ফাইলে দেখা গেছে, ওই কর্মকর্তারা চোরাচালানিদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন। ওই আট কর্মকর্তা ২০০৯ সাল পর্যন্ত পুলিশের প্রভাবশালী পদে কর্মরত ছিলেন। ওই সময় ডেল সসা উপত্যকা মাদক চোরাচালানিদের স্বর্গরাজ্যে পরিণত হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করতে তাঁরা দুই বছর সময় ব্যয় করেছেন। বিবিসি। বন্যায় মৃত্যুশ্রীলঙ্কায় বন্যায় গত সপ্তাহে ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দেশটির আরও কিছু গ্রামে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা জানান, গত শনিবার বিকেল পর্যন্ত সরকারি আশ্রয়কেন্দ্রগুলোয় দুই লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় নেয়। গত মাসে মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যায় দেশটির উত্তরাঞ্চলের রাস্তাঘাটসহ ব্যাপক এলাকার ফসলি জমি তলিয়ে যায়। এতে প্রায় ১০ লাখেরও বেশি বাড়িঘর বন্যায় ভেসে যায়। এএফপি।