সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইট বাতিলটানা চতুর্থ দিনের মতো গতকাল শুক্রবারও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার থেকে পিআইএর কর্মকর্তাদের ধর্মঘটের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত চার দিনে প্রতিষ্ঠানটির ২৫০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট। এতে ক্ষতি হয়েছে এক কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এ ব্যাপারে সরকারের সঙ্গে পিআইএর কর্মকর্তাদের দুই দফা আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।তদন্ত শুরুবিমানবিধ্বংসী কামানে নিম্নমানের যন্ত্রাংশ দেওয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্রের ডিলার ও স্থানীয় এজেন্টদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল শুক্রবার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, স্থানীয় এজেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিমানবিধ্বংসী কামানের (ওয়েরলিকন ৩৫ এমএম টুইন ক্যানন) নলে ত্রুটি রয়েছে—দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন অভিযোগ করার পর তদন্ত শুরু করা হলো। প্রেসিডেন্টের কার্যালয়সহ রাজধানী সিউলের আকাশের নিরাপত্তায় নিয়োজিত ৩৬টি কামানের ৭২টি নলের মধ্যে ৪৯টিই নিম্নমানের। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিমানবিধ্বংসী কামানের নল ক্রয়ের চুক্তি হয় দক্ষিণ কোরিয়ার। এএফপি।বন্য প্রাণীসহ আটকথাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিমানবন্দরে ১০০টি জীবন্ত বন্য প্রাণীসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা প্রাণীগুলোর মধ্যে বেশ কয়েকটি সাপ, কয়েক বাক্স মাকড়সা ও বিরল প্রজাতির কয়েকটি কচ্ছপ রয়েছে। ন্যাশনাল পার্ক এবং বন্য প্রাণী ও বৃক্ষ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা জানান, রিবো ক্যাহিইনো নামের ওই ইন্দোনেশীয় নাগরিক কেনাকাটার জন্য ব্যাংককে এসেছিলেন। গতকাল দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তিনটি স্যুটকেসে থাকা প্রাণীগুলোসহ তিনি ধরা পড়েন। এএফপি।গ্রহণযোগ্য নয়রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপানের সাম্প্রতিককালের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। এর সরাসরি কোনো জবাব না দিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা বলেন, ‘আমাদের সম্পর্কের উন্নয়নে আরও অনেক বিষয় রয়েছে। আমি সেদিকে দৃষ্টি দিতে চাই।’ গতকাল শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে মস্কোয় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত নভেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কুরিল দ্বীপপুঞ্জ সফরে গেলে সেটিকে ‘ক্ষমার অযোগ্য নিষ্ঠুরতা’ হিসেবে অভিহিত করেন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান। এএফপি।