সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হুমকির মুখেপরিত্যক্ত সোনারখনিতে অ্যাসিডযুক্ত পানি বাড়তে থাকায় দূষণের হুমকির মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মানুষ। গত বৃহস্পতিবার পানিসংক্রান্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জোহানেসবার্গে বেশ কিছু এলাকায় প্রায় এক শতাব্দী আগে খনন করা পরিত্যক্ত খনি গহ্বরে জমা হওয়া পানি আগামী বছরের মধ্যে উপচে পড়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে প্রতিবেদনটিতে সতর্ক করে দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে বিশেষজ্ঞদের একটি দল প্রতিবেদনটি তৈরি করে। বিবিসি। হত্যার অভিযোগতাইওয়ানে এক দম্পতি তাদের কন্যাশিশুকে না খাইয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার পুলিশ জানায়, অনলাইনে গেমস খেলায় মত্ত থেকে ওই দম্পতি তাঁদের শিশুকে নিয়মমাফিক খাবার খাওয়াতে ভুলে যান। আর এ কারণেই চলতি সপ্তাহের শুরুর দিকে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুকালে এক বছরের ওই শিশুটির ওজন মাপা হয় চার কেজি, যা ওই বয়সী শিশুদের স্বাভাবিক ওজনের অর্ধেক। এএফপি। বন্দুকযুদ্ধেমেক্সিকোয় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লুইস হামবারতো পেরাল্টা হার্নান্দেজ নামের মাদক পাচারকারীদের এক নেতা নিহত হয়েছেন। সরকারি এক কৌঁসুলি জানান, হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বেশ কিছু পথ নিয়ন্ত্রণ করতেন। তিনি ‘শকুন’ নামে পরিচিত ছিলেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় শহর চিহুয়াহুয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। গত বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জনসমক্ষে প্রচার করা হয়। হার্নান্দেজ ছদ্মনাম ধারণ করায় তাঁকে শনাক্ত করতে দেরি হয়। বিবিসি। জন্মহার হ্রাস২০১০ সাল থেকে গত পাঁচ বছরে জাপানে জন্মহার রেকর্ড পরিমাণে হ্রাস পেয়েছে। এ সময় জাপানে জন্মহার দাঁড়ায় শূন্য দশমিক ২ শতাংশ। ১৯২০ সালের পর এ হার এটিই সর্বনিম্ন। ফলে ক্রমান্বয়ে বয়স্কদের সংখ্যা বাড়তে থাকা জাপানি সমাজের নীতিনির্ধারকেরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। গত পাঁচ বছরে দেশটিতে জনসংখ্যা দুই লাখ ৮৮ হাজার বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৮০ লাখ পাঁচ হাজারে উন্নীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এ জন্মহার আমাদের প্রত্যাশার তুলনায় বেশি। তবে যে হারে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, সে তুলনায় এ হার যথেষ্ট নয়।’ রয়টার্স।