সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রাষ্ট্রদূতকে তলবউইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন তার বার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোর সততা নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে সে দেশের সরকার। সম্প্রতি অস্ট্রেলিয়ার দ্য এজ ও মর্নিং হেরাল্ড পত্রিকার প্রতিবেদনে মার্কিন তার বার্তার বিষয়টি প্রকাশ করা হয়। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারতি নটলেগাওয়া জানান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ওই দুই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জোরালো প্রতিবাদ করা হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর ফাঁস হওয়া তথ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি। রয়টার্স।ইরাকে বিক্ষোভচাকরি ও উন্নত মৌলিক সেবার দাবিতে ইরাকে গতকাল শুক্রবার শত শত মানুষ বিক্ষোভ করেছে। দেশটির রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে প্রায় ৫০০ মানুষ বিক্ষোভ করে। এ ছাড়া বাগদাদের পশ্চিমাঞ্চলীয় ফালুজা শহরেও সমসংখ্যক মানুষ বিক্ষোভ করে। একজন নারী বিক্ষোভকারী বলেন, গরিবদের জন্য রেশনে খাদ্য সরবরাহ চালু ও উন্নত মৌলিক সেবার দাবিতে আমরা এ বিক্ষোভ করছি। তিউনিসিয়া ও মিসরে গণবিক্ষোভে সরকার পতনের পর ইরাকেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এএফপি।