সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
উতরে গেলেনথাইল্যান্ডের পার্লামেন্টে গত শনিবার অনাস্থা ভোটে উতরে গেছেন প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিরোধী দলের আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনেন। থাই পার্লামেন্টের স্পিকার চাই চিদচোব বলেন, ভোটাভুটিতে প্রধানমন্ত্রী ও অন্য নয়জন মন্ত্রীর ক্ষমতায় থাকার ব্যাপারে আস্থা প্রকাশ করা হয়েছে। পার্লামেন্টে তুমুল বিতর্কের পর ভোটাভুটি হয়। এতে সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভেজ্জাজিওয়া জয়ী হন। এএফপি।বিমানে তল্লাশি তল্লাশির জন্য সিরিয়াগামী ইরানের একটি মালবাহী বিমানকে তুরস্কের কর্তৃপক্ষ অবতরণে বাধ্য করেছে। গতকাল রোববার তুরস্কের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, গত শনিবার রাতে ইরানের ওই বেসামরিক বিমানটিকে তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটিতে কোনো অবৈধ কিংবা সামরিক মালামাল আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে গত সপ্তাহেও সিরিয়াগামী ইরানের একটি বিমানে তল্লাশির জন্য তুরস্কে অবতরণ করানো হয়। এএফপি।মন্ত্রীর পদত্যাগইয়েমেনের মানবাধিকার-বিষয়কমন্ত্রী হুদা আল-বান গতকাল রোববার পদত্যাগ করেছেন। ইয়েমেনে গত শুক্রবারের রক্তক্ষয়ী হামলায় ৫২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তিনি পদত্যাগ করলেন। গত কয়েক দিনে দেশটিতে এ নিয়ে তিনজন মন্ত্রী পদত্যাগ করলেন। এর আগে একই ঘটনায় দেশটির দুজন মন্ত্রী পদত্যাগ করেন। গতকাল এক বিবৃতিতে হুদা আল-বান বলেন, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ওপর ‘নৃশংস হত্যাকাণ্ড’ চালানোর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট সালেহ ১৯৭৮ সাল থেকে ক্ষমতায় আছেন। বিক্ষোভ দমনে দেশটিতে গত শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়। এএফপি ও রয়টার্স।