সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভূমিকম্পসলোমন দ্বীপপুঞ্জের উপকূলে গতকাল শনিবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিসি) এ কথা জানায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ কোনো সুনামির সতর্কতাও জারি করেনি। স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী হনিয়ারা থেকে দক্ষিণ-পূর্বে ১৭১ কিলোমিটার দূরে। এএফপিবিস্ফোরণে নিহত ৪গত শুক্রবার রাতে উত্তর তাইওয়ানে বাজিভর্তি একটি ট্রাকে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন আহত হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শনিবার এ তথ্য জানান। ট্রাকের চালক বাজিগুলো ট্রাক থেকে নামানোর সময় একটি কাগজের দোকানের পাশে এ দুর্ঘটনা ঘটে। দৈনিক অ্যাপল পত্রিকা জানায়, বিস্ফোরণের বিকট শব্দ ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। এ সময় নয়তলার সমান উঁচু ধোঁয়া দেখা যায়। ঘটনায় আশপাশের ১২টির মতো ঘরে ও বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। প্রসঙ্গত, আগামী সপ্তাহের একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য দোকানটিতে বাজিগুলো আনা হয়েছিল। এএফপি ও বাসস।