সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মধ্য জাভায় ভূমিকম্পইন্দোনেশিয়ায় মধ্যজাভার সিলাকাপের কাছে গতকাল মঙ্গলবার ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইন্দোনেশিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানায়। তবে সুনামির কোনো সতর্কবার্তা ঘোষণা করা হয়নি। পর্যবেক্ষণ সংস্থাটির একজন কর্মকর্তা জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে কিছুটা দূরে। সংস্থাটির ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমি খুব ভালোভাবে ভূমিকম্প টের পেয়েছি। ভূমিকম্প মূলত পানগানদারান ও সিলাকাপ এলাকায় হয়েছে।’ভূমিকম্পের সময় আতঙ্কে লোকজন দৌড়ে ঘর থেকে বের হয়ে আসে। পারটামিনা নামের একটি তেল শোধনাগার ভূমিকম্প এলাকার পাশে অবস্থিত হলেও এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রয়টার্স।ইরানি কূটনীতিক বহিষ্কৃতকুয়েতের একটি গুপ্তচর চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাহরাইন ইরানি এক কূটনীতিককে বহিষ্কার করেছে। বাহরাইনের একটি বার্তা সংস্থা গত সোমবার জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের চার্জ দি অ্যাফেয়ার্স মেহেদি ইসলামকে সিদ্ধান্তটি জানানোর জন্য তলব করে। তাঁকে জানানো হয়, হোজ্জাতুল্লাহ রহমানি নামের ওই কূটনীতিককে গুপ্তচর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রহমানিকে বাহরাইন ত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। এ মাসে বাহরাইন এ নিয়ে তিনজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করল। রয়টার্স।