সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গ্রেপ্তার ৩জার্মানির পুলিশ আল-কায়েদার সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হানস-পিটার ফ্রিদরিশ বলেন, এই গ্রেপ্তারের মাধ্যমে ভয়াবহ সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে। সরকারি কৌঁসুলিরা জানান, দুই সপ্তাহ ধরে ওই তিন ব্যক্তির ওপর নজরদারি করা হচ্ছিল। গতকাল শনিবার তাঁদের আদালতে হাজির করার কথা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কার্লশ্রুয়ের সরকারি কৌঁসুলিদের কার্যালয় থেকে বলা হয়, গত শুক্রবার ভোরে ওই তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জার্মানির বিল্ড পত্রিকা জানায়, গ্রেপ্তার তিন ব্যক্তি মরক্কোর নাগরিক। বিবিসি।ফেরি দুর্ঘটনামিসরে একটি ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, ৩২ জন যাত্রীসহ একটি মিনিবাস ফেরি থেকে নীল নদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের সবাই একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দেশটির রাজধানী কায়রো থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেনি সুয়েফ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা থেকে ১০ জন বেঁচে গেছেন এবং পাঁচজন এখনো নিখোঁজ আছেন। বিবিসি।ব্রিটিশ নিহতমরক্কোর মারাকেশের একটি রেস্তোরাঁয় গত বৃহস্পতিবারের বোমা হামলায় নিহত ১৫ জনের মধ্যে একজন ছিলেন ব্রিটিশ নাগরিক। পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। সরকারিভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা না হলেও মরক্কোর কর্মকর্তারা জানান, নিহত ব্রিটিশ নাগরিকের নাম পিটার মস। যুক্তরাজ্যের জুইস ক্রনিক্যাল পত্রিকার ওয়েবসাইটে বলা হয়, মস (৫৬) তাদের পত্রিকায় লিখতেন। ওই বোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ফ্রান্সের ছয়জন, কানাডার দুজন, ইসরায়েলের একজন, হল্যান্ডের একজন ও মরক্কোর দুজন। বিবিসি।