সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দায়িত্ব গ্রহণআলাসেন ওয়াতারা গত শনিবার আইভরিকোস্টের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গত ৬ মে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। রাজধানী ইয়ামৌসুক্রোতে ওয়াতারার ক্ষমতাগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিসহ বিশ্বনেতারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের পর ওয়াতারা বলেন, ‘আজ আইভরিকোস্টের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন। এ ঘটনা আইভরিকোস্টে নতুন অধ্যায়ের সূচনা করবে।’ এএফপি।জাপানের ঘোষণাজাপান আগামী ২০৩০ সালের মধ্যে দেশটির সব নতুন ভবন ও বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা করছে। দেশটির বাণিজ্যিক দৈনিক দ্য নিক্কেই গতকাল রোববার এ কথা জানিয়েছে। ফ্রান্সে আসন্ন জি-৮ শীর্ষ সম্মেলনে জাপানের পক্ষ থেকে এ পরিকল্পনার কথা তুলে ধরা হবে। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার যে দেশটি উৎসাহিত করে, সে দিকটি তুলে ধরতেই এ পরিকল্পনা প্রকাশ করা হবে। গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর জাপান তার বেশ কয়েকটি বিধ্বস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন স্থিতিশীল করতে লড়াই করে যাচ্ছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পরই আবার সেগুলো চালু করবেন বলে জি-৮ সম্মেলনে জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান ঘোষণা দিতে পারেন। এএফপি।ঝড়ে ৪২ জনের মৃত্যুভারতের উত্তর প্রদেশে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশত। রাজ্য সরকারের মুখপাত্র দিবাকর ত্রিপাঠি গতকাল রোববার এ কথা জানিয়েছেন। গত শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো বাতাস, বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। বাড়িঘরও ধসে পড়ে। হতাহত ব্যক্তিরা অধিকাংশই গৃহহীন অথবা বস্তিবাসী। লক্ষ্মীপুর জেলায় ঝড়ে বাড়ি ধসে চার শিশু নিহত হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক তার পড়ে মারা গেছে একই পরিবারের আরও তিন সদস্য। এএফপি।