সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ক্ষেপণাস্ত্র সরবরাহইরানের কর্তৃপক্ষ সে দেশের বিশেষ নিরাপত্তা বাহিনী রেভল্যুশনারি গার্ডকে গত রোববার একটি নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। দেশে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কিয়াম-১। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমদ ভাহিদির বরাত দিয়ে দেশটির কট্টরপন্থী দৈনিক কায়হান এই তথ্য জানিয়েছে। গত আগস্টে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শত্রু পক্ষের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারবে না। তেহরানের দাবি, দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তাদের ভান্ডারে মজুদ রয়েছে। এএফপি। অস্ট্রেলীয় গ্রেপ্তারইন্দোনেশিয়ার অবকাশযাপনকেন্দ্র বালি দ্বীপ থেকে পুলিশ গত শনিবার মাদকদ্রব্যসহ এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম রিকি শেন রসন (৪৯)। অবৈধ মাদকদ্রব্য বহনের অভিযোগ প্রমাণিত হলে মেলবোর্নের এই বাসিন্দার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পুলিশ জানিয়েছে, বালির কুয়াটা সৈকতের উত্তরে সিমিনায়েকের একটি বাড়ি থেকে রসনকে গ্রেপ্তার করা হয়েছে। অবকাশ কাটাতে তিনি এখানে এসেছেন। একজন পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রসন মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকলেও তিনি মাদকসেবী। এএফপি।