সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৮ মার্কিন সেনা নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার বোমা হামলায় আট মার্কিন সেনা নিহত হয়েছে। পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে।পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ লাপান বলেন, কান্দাহার প্রদেশের সোরাবাক জেলার একই স্থানে পরপর চালানো দুটি বোমা হামলায় মার্কিন সেনারা নিহত হয়। স্থানীয় সীমান্ত পুলিশের কমান্ডার তাফসির খান খোগিয়ানি বলেন, পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জোট ও আফগান বাহিনীর টহলরত সদস্যদের ওপর ওই হামলা চালানো হয়। এএফপি।ওয়াতারার চাওয়াআইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা গতকাল শুক্রবার বলেছেন, ফ্রান্সের জি-৮ শীর্ষ সম্মেলনে তিনি তাঁর যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আগামী পাঁচ বছরে দুই হাজার কোটি ইউরো সাহায্য চাইবেন। বিশ্বের শীর্ষস্থানীয় আটটি শিল্পোন্নত দেশের নেতাদের সঙ্গে তিনিও সম্মেলনের একজন অতিথি। ওয়াতারা বলেন, ‘আইভরি কোস্টের দারিদ্র্য নিরসনে বিশ্ব নেতারা দেশটির গণতন্ত্রের মূল্যায়ন করবেন, আমি এমন নিশ্চয়তা আশা করছি। আমরা চাই দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনার অবসান হোক।’ এএফপি। কারখানা চালুভারতের টাটা মোটর্স গতকাল শুক্রবার দেশটিতে ল্যান্ড রোভারের জন্য একটি কারখানা চালু করেছে। ল্যান্ড রোভার যুক্তরাজ্যের একটি বিখ্যাত গাড়ির ব্র্যান্ড। মুম্বাই থেকে ১০০ কিলোমিটার দূরে পুনের শহরতলিতে অবস্থিত একটি কারাখানায় ফ্রিল্যান্ডার টু স্পোর্টস ইউটিলিটির গাড়ি প্রস্তুত করা হবে। ২০০৮ সালে জাগুয়ার গাড়ি প্রস্তুতের উদ্দেশ্যে ফোর্ডের সঙ্গে ২৩০ কোটি ডলারের একটি চুক্তি করে টাটা। বিশ্লেষকদের ধারণা, টাটার এসব পদক্ষেপের ফলে ভারতে কম দামের জাগুয়ার ও ল্যান্ড রোভার গাড়ি প্রস্তুত করা সম্ভব হবে। এএফপি।অবমাননার অভিযোগেরাজতন্ত্র অবমাননা করার অভিযোগে থাইল্যান্ডে এক মার্কিনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার নাখন রাচাসিমা প্রদেশ থেকে লেরপং উইচাইখাম্মাত (৫৪) নামের ওই মার্কিনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে ব্যাংককের রেমান্ড কারাগারে রাখা হয়েছে। আদালতে তাঁর বিরুদ্ধে রাজতন্ত্রের জন্য অবমাননাকর প্রবন্ধ অনুবাদ করাসহ তা ব্লগে প্রকাশ করার অভিযোগ আনা হয়েছে। এএফপি। কমান্ডার নিহতকাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে একজন জঙ্গি কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার শ্রীনগরের ৫০ কিলোমিটার দক্ষিণাঞ্চলীয় কেলার গ্রামে ওই বন্দুকযুদ্ধ হয়। এতে পাকিস্তানভিত্তিক জয়েশ-ই-মোহাম্মদের (জেইএম) স্থানীয় কমান্ডার কারি জুবায়ের ও তাঁর দেহরক্ষী নিহত হন। গত এপ্রিলে জেইএমের স্থানীয় প্রধান সাজ্জাদ আফগানি ও দেহরক্ষী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এএফপি।বিরল সাদা কিউইনিউজিল্যান্ডে সাদা কিউই পাখির একটি ছানা ফোটানো সম্ভব হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ এ কথা জানায়। কিউই একটি দুর্লভ পাখি, যা কেবল নিউজিল্যান্ড ও আশপাশের এলাকায় পাওয়া যায়। এর মধ্যে সাদা কিউই আরও দুর্লভ। দেশটির নর্থ আইল্যান্ডের অভয়ারণ্যে এ বিপন্ন পাখিটিকে রক্ষা করার উদ্যোগ নেওয়ার পর এই প্রথম সফলভাবে ডিম থেকে ছানা ফোটানো সম্ভব হয়েছে। পুরুষ ছানাটির নাম স্থানীয় মাওরি ভাষায় রাখা হয়েছে ‘মানুকুরা’। ১ মে তোলা ছবিটি গতকাল প্রকাশ করা হয়। এএফপি।