সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফার্স্ট লেডির সফরমার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা এক সরকারি সফরে চলতি মাসে দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানা যাবেন। দেশ দুটির শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি সাধনে সহায়তা করার উদ্দেশ্যে তিনি এ সফরে যাচ্ছেন। গত শুক্রবার হোয়াইট হাউস এ কথা জানায়। হোয়াইট হাউস জানায়, মিশেল ওবামা তাঁর স্বামী প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে আফ্রিকায় গণতন্ত্র, উন্নয়ন ও ‘অর্থনৈতিক সুযোগের’ অগ্রগতি সাধনেও সহায়তা করবেন। সফরে দুই মেয়ে মালিয়া ও শাসা এবং মা তাঁর সঙ্গে যাবেন। রয়টার্স।গ্রেনেড হামলায়পাকিস্তানের করাচির একটি হোটেলে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেনেড হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, অন্তত চারজন লোক নগরের ব্যস্ত নেপিয়ার সড়কের একটি হোটেলে গিয়ে গ্রেনেড হামলা চালায়। আহত ব্যক্তিদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে একটি গ্যাস-পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পিটিআই।