সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রকাশ্যে বিরোধিতাসৌদি আরবে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা ভাঙতে কয়েকজন নারী গতকাল শুক্রবার প্রকাশ্যে গাড়ি চালিয়েছেন। তওফিক আল সাইফ নামে এক কলামলেখক খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘এইমাত্র আমি ও আমার স্ত্রী মাহা সুপারমার্কেট থেকে বাসায় ফিরেছি। এ সময় মাহাই গাড়ি চালিয়েছে।’ এএফপি।স্বাভাবিক হয়েছেচিলির পুয়েহুয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ছাইমেঘ সরে যাওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে বিমান চলাচল গতকাল শুক্রবার থেকে আবার স্বাভাবিক হয়েছে। এর আগে ছাইমেঘের কারণে প্রায় এক সপ্তাহ বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ানটাস জানায়, ক্রাইস্টচার্চ ছাড়া অকল্যান্ড, ওয়েলিংটন ও কুইন্সল্যান্ডে বিমানের ফ্লাইট চালু হয়েছে। এএফপি।ভাঁড় সেজে হাঙ্গেরিতে সরকারের পেনশন সংস্কারের বিরুদ্ধে গত বৃহস্পতিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকালে অনেকেই ভাঁড় সেজে প্রতিবাদ করেন। গত এপ্রিলে ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর অর্বানের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। হাঙ্গেরির সরকার বলছে, ৬৫ বছরের আগে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের তারা আর অবসর ভাতা দেবে না। বিবিসি। ধর্মঘট প্রত্যাহারভারতের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকির শ্রমিকেরা গতকাল শুক্রবার ১৩ দিনব্যাপী ধর্মঘট প্রত্যাহার করেছেন। প্রতিষ্ঠানটি তাদের ছাঁটাই করা ১১জন কর্মীকে কাজে পুনর্বহাল করতে সম্মত হয়েছে। শ্রমিকেরা নতুন একটি সমিতি গঠন না করার ব্যাপারে রাজি হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিবিসি।গ্যাসের বিস্ফোরণেইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ায় গত বৃহস্পতিবার রাতে একটি ভবনে গ্যাসের বিস্ফোরণে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬৫ জন। পুলিশের কর্মকর্তা মিকি রোজেনফেল্ড জানান, গ্যাসের পাত্রে ত্রুটি থাকার কারণেই ওই বিস্ফোরণ ঘটেছে। এএফপি। চীনে বন্যাচীনে প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসের ঘটনায় ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, গ্রীষ্মকালীন বৃষ্টিপাতে এ পর্যন্ত ১৬৮ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এ ছাড়া দেশটির দক্ষিণের বন্যাদুর্গত অর্ধেক অঞ্চলে নতুন করে প্রবল বৃষ্টি হতে পারে। এএফপি।