সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
খুনের দায়ে শিরশ্ছেদসৌদি আরবে খুনের দায়ে অভিযুক্ত একজন ইন্দোনেশীয় নারীর মৃত্যুদণ্ড গতকাল শনিবার শিরশ্ছেদ করে কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। তলোয়ার দিয়ে তাঁর শিরশ্ছেদ করা হয়। রোইয়াতি বেথ সাবোত্তি সারোনা নামের ওই নারী আরব বংশোদ্ভূত আরেক নারীকে হত্যা করেন। তবে মন্ত্রণালয় থেকে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এএফপি।পাকিস্তানে হতাহতপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর গতকাল শনিবার পৃথক দুটি হামলার ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগর জেলায় আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত মোটরসাইকেল-বোমা হামলা চালানো হয়। এতে দুটি শিশুসহ তিনজন বেসামরিক ব্যক্তি নিহত ও ২৬ জন আহত হয়। এদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা শহরে একটি নিরাপত্তাচৌকিতে জঙ্গিরা হামলা চালায়। এতে একজন সেনা নিহত ও আরও দুজন আহত হয়। এএফপি।চোরের কাণ্ড!চোরের সাহস বটে! শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, যে বাড়িতে চুরি করতে ঢুকেছে, সে বাড়ির রান্নাঘরে ঢুকে ফ্রিজে থাকা ডিম অমলেট করে খেয়েছে চোরের দল। সঙ্গে খেয়েছে কাজুবাদামও। আর যাওয়ার সময় নিয়ে গেছে বেশ কয়েকটি কাজুবাদামের প্যাকেটের সঙ্গে লক্ষাধিক টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের একটি ফ্ল্যাট বাড়িতে গত বৃহস্পতিবার রাতে। ফ্ল্যাটের মালিক দীপক চৌধুরী বেড়াতে গিয়েছিলেন আসামের ডিব্রুগড়ে। এই সুযোগে একদল চোর রাতের আঁধারে তালা ভেঙে ঢুকে পড়ে ফ্ল্যাটটিতে। কলকাতা প্রতিনিধি।