সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভূমিকম্পপ্রশান্ত মহাসাগরের তলদেশে গত বৃহস্পতিবার রাতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাল্যুশান দ্বীপপুঞ্জের কিছু অংশে সাময়িক সুনামি সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, অ্যাল্যুশান দ্বীপপুঞ্জের অ্যাটকা নামক স্থানের ১০০ মাইল পূর্বে সমুদ্রের ২৫ মাইল গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্স। অনশন করবেনইরানে দুই মার্কিন পর্যটক জশ ফ্যাটাল ও শেন বয়্যারকে আটক করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে তাঁদের মায়েরা আজ শনিবার থেকে নতুন করে অনশন শুরু করবেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাঁদের অনশন। গতকাল শুক্রবার তাঁরা এ কথা জানিয়েছেন। দ্বিতীয়বারের মতো তাঁরা সন্তানদের ছাড়াই তাঁদের জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন। ২০০৯ সালের জুলাইয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে জশ ও শেনকে আটক করা হয়। তবে জশের মা লরা ফ্যাটাল (৫৮) ও শেনের মা সিন্ডি হিকি (৫০) তাঁদের ছেলেদের নিরপরাধ দাবি করে আসছেন। এএফপি।জরুরি অবতরণজাপানে সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তা পরিমাপে নিয়োজিত একটি ছোট্ট মানববিহীন বিমান গতকাল শনিবার জরুরি অবতরণ করেছে। কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় আট কেজি ওজনের ওই বিমানটি কেন্দ্রের দুই নম্বর চুল্লির ছাদে জরুরি অবতরণ করে। তবে এতে বিমানটির কোনো ক্ষতি হয়নি। টেপকোর একজন মুখপাত্র জানান, অবতরণের সময় তাঁরা কোনো আগুন বা ধোঁয়া দেখেননি। এএফপি।