সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তিন পুলিশ নিহতপাকিস্তানে তালেবানের হামলায় পুলিশের তিন সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। সে দেশের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে গতকাল রোববার ভোররাতে এ হামলা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, রকেট লঞ্চার ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে কাছের একটি পাহাড়ি এলাকা থেকে অন্তত ২৪ জন জঙ্গির একটি দল ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়। এএফপি।আত্মহত্যার চেষ্টাআত্মহত্যার উদ্দেশ্যে সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, ইন্টারনেটের মাধ্যমে পরিচয়ের পর আরও একজন নারী ও তিনজন পুরুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেন। গতকাল রোববার সকালে তাঁরা একসঙ্গে ওই সেতু থেকে ঝাঁপ দেন। স্থানীয় এক বাসিন্দা অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশে খবর দেন। অন্য ব্যক্তিরা নিখোঁজ রয়েছেন। এএফপি।পাহাড় পূজা!পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরসংলগ্ন ঝাড়খন্ড সীমান্তে গত শনিবার পাহাড় পূজা হয়েছে। প্রতিবছরই আদিবাসীরা এখানকার কানাঈশ্বর নামের এ পাহাড়ের পূজা করে থাকে। আদিবাসীদের বিশ্বাস, যুগ যুগ ধরে এ পাহাড় তাদের মনোবাসনা পূর্ণ করছে। শনিবারের পূজায় বিহার, ওডিশা ও পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার আদিবাসী যোগ দেয়। গতকাল রোববার এ পাহাড়েই বসে আদিবাসীদের মিলনমেলা। এতে আদিবাসী ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ। কলকাতা প্রতিনিধি।জীবনাবসানব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ইতামার ফ্রাংকো গত শনিবার সকালে সাও পাওলো শহরের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি লিউকোমিয়ায় ভুগছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ফ্রাংকোর মৃত্যুতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ শোক প্রকাশ করেছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট ফারনান্দো কোলোর ডি মেলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিশংসন আনা হলে ফ্রাংকো ১৯৯২ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি ১৯৯৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এএফপি।