সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাতজনের শিরশ্ছেদআফগানিস্তানের ফারাহ প্রদেশের বালা বুলাক অঞ্চল থেকে অপহূত সাত মাইন অপসারণকারীর শিরশ্ছেদ করা হয়েছে। গত বুধবার ওই এলাকা থেকে এই সাতজনসহ ২৮ জন মাইন অপসারণকারীকে অপহরণ করা হয়েছিল। তবে বাকি ২১ জনের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। প্রাদেশিক পুলিশের উপপ্রধান মোহাম্মদ গাউস মালবার গতকাল রোববার এসব কথা জানান। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এ অপহরণের দায়িত্ব স্বীকার করেনি। পুলিশের উপপ্রধান জানান, ‘আমরা একজনের দেহ পেয়েছি। বাকি ছয়টি দেহ স্থানীয় উপজাতীয় নেতাদের হাতে আছে।’ এএফপি।নার্সিংহোম ভস্মীভূতইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি নার্সিংহোমে গতকাল রোববার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুজন কর্মচারীসহ ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ২৫ শয্যাবিশিষ্ট ওই নার্সিংহোমটি পোল্যান্ডের সীমান্তবর্তী ছোট গ্রাম বেলোয়েতে অবস্থিত। কাঠের নির্মিত একতলা এই নার্সিংহোমটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। অসতর্কতাবশত এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মন্ত্রণালয় জানায়। এএফপি।