সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মিসরের নির্বাচনমিসরে সাধারণ নির্বাচন চলতি বছরের নভেম্বরের আগে হওয়ার সম্ভাবনা নেই। গতকাল বুধবার সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, কয়েকটি রাজনৈতিক সংগঠন সেপ্টেম্বর থেকে নির্বাচন দুই মাস পেছানোর দাবি তোলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর থেকেই প্রার্থীদের নিবন্ধন শুরু হবে। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। অর্থাৎ সেনাবাহিনী বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অনড় রয়েছে। রয়টার্স।গোপন কারাগারমার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে সোমালিয়ায় একটি গোপন কারাগার পরিচালনা করছে। গত মঙ্গলবার দ্য নেশন সাময়িকীর এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগরের উপকূলে মোগাদিসু বিমানবন্দরের একটি অংশে ওই কারাগার প্রতিষ্ঠা করা হয়েছে। উঁচু দেয়াল দিয়ে ঘেরা এই কারাগারে বেশ কয়েকটি ভবন রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাসংশ্লিষ্ট একজন কর্মকর্তা ওই প্রতিবেদনের তথ্যের সত্যতা নাকচ করে দিয়েছেন। এএফপি।গাংচিলের উৎপাতেযুক্তরাজ্যের ব্রিডলিংটন শহরে গাংচিলের উৎপাতে অতিষ্ঠ মানুষ। কারো হাতে খাবারের প্যাকেট দেখলেই ছোঁ মেরে নিয়ে যায় তারা। এতে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার দোকানিরা। জাস্টিন কারপেন্টার নামের একজন ব্যবসায়ী বলেন, গাংচিল ফিস অ্যান্ড চিপসসহ বিভিন্ন খাবার ছিনিয়ে নেওয়ায় তাঁর আর্থিক ক্ষতি হচ্ছে। ক্রেতাদের হাত থেকে গাংচিল খাবার ছিনিয়ে নিলে ক্ষতিপূরণ হিসেবে তাঁকে বিনা মূল্যে আরেকটি প্যাকেট দিতে হচ্ছে। বিবিসি।১৪ জন আটকতুরস্কের পশ্চিমাঞ্চলে আল-কায়েদাবিরোধী অভিযানে ১৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত মঙ্গলবার আঙ্কারার একটি বাড়ি থেকে ৭০০ কেজি বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের পর ওই অভিযান চালানো হয়। তুরস্কের মার্কিন স্থাপনাগুলোতে সন্দেহভাজন হামলার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিদের আটক করা হয়। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধ নিতে তারা ওই হামলার পরিকল্পনা করে বলে সন্দেহ করা হচ্ছে। রয়টার্স।