সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আত্মসাতের অভিযোগেগবেষণার জন্য বরাদ্দ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও ইন্টারনেট থেকে অন্যের গবেষণাবিষয়ক তথ্য চুরির অভিযোগে রাশিয়ার একজন সাবেক জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন রোসাতম স্টেট নিউক্লিয়ার করপোরেশনের সাবেক উপপরিচালক ইয়েভগেনি ইয়েভস্ত্রাতোভ। তিনি পরমাণু নিরাপত্তা গবেষণায় একটি গ্রুপের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। এএফপি।সাত কারাবন্দী নিহতভেনেজুয়েলার কারাগারে সহিংসতায় গত মঙ্গলবার কমপক্ষে সাত কারাবন্দী নিহত ও ৩৩ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, সান ফেলিপের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই সংঘর্ষে আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় জুলিয়া রাজ্যের ক্যাবিমাস ডিটেনশন সেন্টারে সংঘর্ষ চলাকালে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলে অগ্নিদগ্ধ হয়ে এক বন্দী মারা যায়। এএফপি।নার্স গ্রেপ্তারগত মাসে তিন রোগীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনের ম্যানচেস্টারের এক নার্সকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, স্টকপোর্টের স্টেপিং হিল হাসপাতালের ওই নার্স রোগীদের দেহে পুশ করা স্যালাইনের কনটেইনারে ইনসুলিন মিশিয়ে দেওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা ওই হাসপাতালের সংরক্ষণাগার থেকে ৩৬টি স্যালাইনের নমুনা সংগ্রহ করেছেন, যাতে ইনসুলিনের অস্তিত্ব পাওয়া গেছে। বিবিসি, টেলিগ্রাফ।