সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সর্বনিম্ন পর্যায়ে!মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে বারাক ওবামার প্রতি দেশবাসীর সমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে। গ্যালাপের নতুন একটি জরিপের ফলাফলে এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক হাজার মানুষের ওপর টেলিফোনে চালানো এ জরিপের ফল গত রোববার রাতে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ৩৯ শতাংশ মার্কিন নাগরিক ওবামার কাজের প্রতি সমর্থন দিয়েছেন। ৫৪ শতাংশ মার্কিনি সমর্থন দেননি। এএফপি।অনুমোদনইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনাই উপত্যকায় মিসরের সেনাসংখ্যা বৃদ্ধির জন্য দেশটির অনুরোধ অনুমোদন করেছেন। ওই অঞ্চলে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ওই অনুরোধ করা হয়। গতকাল সোমবার ইসরায়েলের রাষ্ট্রীয় বেতারে প্রচারিত খবরে এ কথা জানানো হয়। ১৯৭৯ সালের ইসরায়েল-মিসর শান্তিচুক্তির শর্ত অনুসারে ওই উপত্যকায় মিসরের সেনা মোতায়েনের বিষয়টি সীমিত। তবে কায়রোর অনুরোধের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বিষয়টি অনুমোদন করেন। এএফপি।ছুরিকাঘাতে নিহত ৬যুক্তরাজ্যের অধীনে থাকা জার্সি দ্বীপে ছুরিকাঘাতে তিন শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে (৩০) হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুলিশ জানায়, গত রোববার বিকেলে জার্সির প্রধান শহর সেইন্ট হেলিয়ারের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। এতে তিন শিশু, দুই নারী ও একজন পুরুষ নিহত হয়। ঘটনার তদন্ত চলছে। এএফপি।