সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ঝড়ের আঘাতেবেলজিয়ামে গত বৃহস্পতিবার গণসংগীত উৎসব চলাকালে প্রচণ্ড ঝড়ের আঘাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার কর্মকর্তারা এ কথা জানান। হ্যাসেল্ট শহরের মেয়র হাইল্ড ক্লায়েস জানান, ঝড়ের কবলে পড়ে ৬৫ জনেরও বেশি লোক আহত হয়। এ ছাড়া উৎসবে যোগ দিতে যাওয়া আরও আট ব্যক্তি গুরুতর আহত হয়। এর মধ্যে অনুষ্ঠানের আয়োজকেরা তিন দিনব্যাপী ওই উৎসব বাতিল ঘোষণা করেছে। রয়টার্স।ভূমিকম্পজাপানের ফুকুশিমা উপকূলে গতকাল শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ভূমিকম্পের পর কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। বুলেট ট্রেন চলাচলও ব্যাহত হয়। এ সময় উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। রয়টার্স।রপ্তানি নিষিদ্ধপাচার ঠেকাতে বন্য প্রাণী রপ্তানি নিষিদ্ধ করেছে তানজানিয়া। গত বছর দেশটি থেকে জিরাফ, শকুনসহ প্রায় ১৩০টি বন্য প্রাণী ও পাখি পাচার করার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়। পাচার হওয়া এসব প্রাণীর মূল্য প্রায় এক লাখ ১০ হাজার ডলার। তানজানিয়ার প্রধানমন্ত্রী মিজেনগো পিনডা বলেন, বন্য প্রাণী পাচারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিবিসি।