সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রত্যাবর্তনইয়েমেনের প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ মেগাওয়ার সৌদি আরব থেকে দেশে ফিরছেন। দেশটির সরকারি সূত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা যায়। দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে হত্যার উদ্দেশে গত জুনে বিদ্রোহীদের চালানো হামলায় আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরবে গিয়েছিলেন মেগাওয়ার। ওই হামলার পর শীর্ষ রাজনীতিবিদ হিসেবে তিনিই প্রথম দেশে ফিরছেন। একই হামলায় আহত ইয়েমেনের পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার গত সোমবার রিয়াদে মারা গেছেন। প্রেসিডেন্ট সালেহ গত সপ্তাহে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, শিগগির তিনি দেশে ফিরবেন। রয়টার্স।শক্তিশালী ভূমিকম্পইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গতকাল মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬। সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোররাত তিনটা ১২ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে সুমাত্রা ও ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এএফপি।সারিয়ে তোলার পরযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অসুস্থ একটি সাপকে সারিয়ে তোলার পর একটি অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণী সংরক্ষণ বিভাগের স্থানীয় এক কর্মী গত শুক্রবার এ কথা জানান। গত মে মাসে একটি শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী একটি গাড়ি রাখার এলাকা থেকে ছয় ফুট লম্বা ওই সাপটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অতিরিক্ত ঠান্ডায় দীর্ঘ সময় থাকার ফলে অসুস্থ হয়ে পড়েছিল সাপটি। এই প্রজাতির সাপের মূল আবাস দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় জঙ্গলে এতটা ঠান্ডা পড়ে না। কাউকে আক্রমণ করেনি সাপটি। রয়টার্স।