সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফাঁসি কার্যকরইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কারমানের কারাগারে মাদক পাচারের দায়ে অভিযুক্ত চার ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। দেশটির সার্ঘ পত্রিকা গতকাল বুধবার এ খবর জানায়। এ চারজনের ফাঁসির ফলে চলতি বছর এ পর্যন্ত দেশটিতে মোট ১৮৪ জনের ফাঁসি কার্যকর করা হলো। ইরান মনে করে, দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড অনেক সময় বাধ্যতামূলক। খুন, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি ও মাদক পাচারের মতো অপরাধের জন্য ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এএফপি।কঙ্কালসহ গ্রেপ্তারতাইওয়ানের রাজধানী তাইপে থেকে গত মঙ্গলবার ৩৫টি কঙ্কালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরের একটি নির্মাণাধীন ভবন থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়। তাইওয়ানের উত্তরাঞ্চলে প্রাচীন একটি সমাধিস্থলে এসব কঙ্কাল সমাহিত করা ছিল। কিন্তু সেখানে একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়ায় কঙ্কালগুলো তুলে একটি গুদামঘরে রাখা হয়। গুদামঘরটি তালাবদ্ধ না থাকার সুযোগে ওই ব্যক্তি কঙ্কালগুলো চুরি করেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একটি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নকারী সংস্থার কর্মী এবং সমাধি খোঁড়ার সঙ্গে জড়িত। এএফপি।