সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
তিন জঙ্গি নিহতফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৈন্যদের সঙ্গে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় জঙ্গি সংগঠন আবু সায়াফের সদস্যদের বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়েছে। সামরিক কমান্ডার কর্নেল আলেক্সজান্দার মাকারিও এ কথা জানিয়েছেন। গতকাল রোববার দেশটির বাসিলান দ্বীপে বন্দুকযুদ্ধটি হয়। আল-কায়েদার সঙ্গে সঙ্গে ১৯৯০ সালেই আবু সায়াফ গড়ে ওঠে। এ সংগঠনটির বিরুদ্ধে ফিলিপাইনে ২০০৪ সালের ভয়াবহ হামলা চালানোর অভিযোগ রয়েছে। ওই হামলায় শতাধিক মানুষ প্রাণ হারায়। এ জঙ্গি সংগঠনটির ত ৎ পরতা রুখতে বাসিলানসহ দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় স্থানীয় বাহিনীকে ২০০২ সাল থেকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সৈন্যরা। এএফপি।চারজন গ্রেপ্তারসুইডেনের দ্বিতীয় বৃহত্তম নগর গোথেনবার্গে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা (এসএপিও) গতকাল রোববার এ কথা জানায়। সংস্থার প্রেসসচিব সারা কভ্রানস্ট্রম জানান, পুলিশের সহায়তায় গত শনিবার ওই চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পশ্চিম সুইডেনের ভাস্ত্রা গোটাল্যান্ড পুলিশের মুখপাত্র উল্ফ এডবার্গ জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় একটি সংস্কৃতি ও শিল্পাঞ্চল নিরাপত্তা প্রহরীবেষ্টিত করে রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন হামলার দশম বার্ষিকী পালনের দিন গতকাল রোববার এলাকাটি আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রয়টার্স।