সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ভূত তাড়াতে...এক কিশোরী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার মা-বাবা কয়েক বছর ধরে চিকিৎসকদের কাছে গিয়েছেন। কিন্তু, চিকিৎসক কোন সমাধান দিতে পারেননি। শেষে তাঁরা শরণাপন্ন হন এক ওঝার। ওঝা জানান, ওই কিশোরীকে ভূতে ধরেছে; ভূতকে তাড়াতে হবে। এজন্য ওঝা ও কিশোরীর বাবা মেয়েকে বেঁধে পানিতে ডুবিয়ে রাখেন। এতে শ্বাসরোধ হয়ে মেয়েটির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে জাপানের কুমামতো নামক জায়গায়। এ ঘটনায় ওঝা ও মেয়ের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এএফপি।আঙ্গুল চোষা ‘পরী’যুক্তরাষ্ট্রের আরকানস’ অঙ্গরাজ্যে ‘পায়ের আঙ্গুল চোষা পরী’ বলে পরিচিত এক লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। নব্বইয়ের দশকে বেশ কয়েকবার নারীদের পায়ের দিকে আক্রমণ করেন মাইকেল রবার্ট ওয়্যাট (৫০) নামের ওই লোকটি। ওই সময়ে এসব ঘটনার জন্য তাঁকে জেলেও যেতে হয়েছে। এক দশকেরও বেশি সময় পর সম্প্রতি একই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাসের শুরুর দিকে এক নারী অভিযোগ করেন, বাড়ির সামনে চেয়ারে বসে থাকার সময় এক লোক তাঁর পায়ের জুতা খুলে আঙ্গুল চুষতে শুরু করেন। রয়টার্স।সাজা ১০ ঘা চাবুকনিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালানোর দায়ে একজন সৌদি নারীকে ১০ ঘা চাবুক মারার নির্দেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। জেদ্দা নগরের ওই আদালত গত সোমবার এ রায় ঘোষণা করেন। শেমা জাসতানিয়াহ নামের ওই নারী এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করেছেন। গাড়ি চালানোর অপরাধে গত জুলাই মাসে শেমাকে জেদ্দা থেকে গ্রেপ্তার করা হয়। সৌদি বাদশাহ আবদুল্লাহ সে দেশের পৌর নির্বাচনে নারীরা ভোট দিতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে ঘোষণা দেওয়ার এক দিন পর আদালত এ রায় দিলেন। এদিকে গাড়ি চালানোর দায়ে গতকাল রাজধানী রিয়াদ থেকে আরেক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।