সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
দুঃখ প্রকাশভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গত পাঁচ বছরে ধর্ষণের শিকার অন্তত এক হাজার ৪০০ নারীর নামের একটি সরকারি তালিকা প্রকাশ হওয়ার পর এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রাজ্য বিধানসভায় গত শুক্রবার তিনি বলেন, এ ধরনের তালিকা প্রকাশিত হওয়া লজ্জাজনক। মুখ্যমন্ত্রী অঙ্গীকার করেন, এ রকম ঘটনা আর কখনো ঘটবে না। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এএফপি।তিন পুলিশ নিহতপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তোরঘার জেলায় একটি বোমা বিস্ফোরিত হয়ে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ফরিদ খান বলেন, পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। রাস্তার পাশে রাখা ওই বোমাটি ছিল দূরনিয়ন্ত্রিত। ওই হামলায় ১০ জন আহত হন। নিহত ব্যক্তিদের সবাই চাকরিতে নতুন যোগ দিয়েছিলেন। এএফপি।মেয়র পদে গাধা!বুলগেরিয়ার ভার্না শহরের মেয়র পদে একটি গাধাকে প্রার্থী করা হয়েছে। দ্য সোসাইটি ফর নিউ বুলগেরিয়া নামের একটি রাজনৈতিক দল এই অভিনব উদ্যোগ নিয়েছে। মেয়র পদে গাধাকে প্রার্থী করার কারণ সম্পর্কে দলের প্রচারণাবিষয়ক দপ্তরের প্রধান অ্যাঞ্জেল দিয়ানকভ বলেন, মেয়র পদের অন্যান্য প্রার্থী ও রাজনীতিবিদদের মতো নয় মার্কো নামের গাধাটি। দৃঢ় চরিত্রের অধিকারী মার্কো চুরি করে না, মিথ্যা বলে না এবং ঠিকমতো দায়িত্ব পালন করে। আগামী ২৩ অক্টোবর ভার্নায় মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। টাইমস অব ইন্ডিয়া।