সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সড়ক দুর্ঘটনায়চীনের কয়েকটি স্থানে গত শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছে। কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, শুক্রবার চীনের উত্তরাঞ্চলে দ্রুতগতির একটি বাস ও অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত হয়। এ ছাড়া পূর্ব আনহুই প্রদেশে এক দুর্ঘটনায় ১০ জন ও হেনান প্রদেশে দুর্ঘটনায় আরও ১১ জন নিহত হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, চীনে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ মানুষের প্রাণহানি ঘটে। বিবিসি।সাংবাদিক খুনপাকিস্তানের লাহোরে লন্ডনভিত্তিক একটি অনলাইন পত্রিকার সাংবাদিক খুন হয়েছেন। গতকাল শনিবার পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুক্রবার ভোরে ফয়সাল কুরেশি (২৮) নামের ওই সাংবাদিককে খুন করা হয়। তাঁর গলায় কাটা দাগ ও শরীরে জখমের চিহ্ন রয়েছে। তিনি দ্য লন্ডন পোস্ট-এর অনলাইন সংস্করণে কাজ করতেন। ফয়সালের এক ভাই জানান, কয়েক দিন ধরে তাঁর পত্রিকায় প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের জন্য দুর্বৃত্তরা তাঁকে হুমকি দিয়ে আসছিল। এএফপি। ২৫ জঙ্গি নিহতআফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের সমন্বিত হামলার সময় অন্তত ২৫ জন জঙ্গি নিহত হয়েছে। গত শুক্রবার পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানে তালেবান সরকার উৎখাতে মার্কিন অভিযানের ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান উদ্যাপনকালে বিদ্রোহীরা ওই হামলা চালায়। আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএসএএফ) বলেছে, জঙ্গিদের বোমা হামলায় এক সেনা সামান্য আহত হন। এরপর সামরিক বাহিনী বিমান হামলা চালিয়ে ওই জঙ্গিদের হত্যা করে। এএফপি।