সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হামলায় নিহত ৫ফিলিস্তিনের গাজায় গতকাল শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট নিক্ষেপের পাল্টা প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। চিকিৎসক এবং কর্মকর্তারা জানিয়েছেন, গাজার রাফাহ শহরে ইসলামিক জিহাদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে গতকাল ওই হামলা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা আকাশে ইসরায়েলি হেলিকপ্টার টহল দিতে দেখেছেন। হামলায় পাঁচ ব্যক্তি নিহত হওয়া ছাড়াও দুজন আহত হয়েছেন। জেরুজালেমে ইসরায়েলি একজন সেনা মুখপাত্র হামলার কথা স্বীকার করলেও তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি। রয়টার্স। সব ফ্লাইট বন্ধশ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের দ্বন্দ্বের জের ধরে অস্ট্রেলিয়ার পতাকাবাহী কোয়ান্টাস এয়ারলাইনসের সব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে এয়ারলাইনসের কোনো কর্মচারীকে তাদের কর্মস্থলে ঢুকতে দেওয়া হবে না। আর যেসব উড়োজাহাজ বর্তমানে ফ্লাইটে রয়েছে, সেগুলো তাদের ফ্লাইট শেষ করবে। তার পর আর আকাশে উড়বে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো ধরনের সংঘাত দেশের জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে। এএফপি ও বিবিসি।