সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
শিক্ষিকার কাণ্ড!পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের এক শিক্ষিকা শাস্তি হিসেবে সাত ছাত্রীকে চড়-থাপড় মেরেছেন। পরে তিনি ওই ছাত্রীদের মুখে কালি মেখে দেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রীদের বাবা-মায়েরা বিদ্যালয়ের বাইরে গতকাল রোববার বিক্ষোভ করেন। তাঁরা তাঁদের সন্তানদের ওপর কেন এ ধরনের নির্যাতন চালানো হলো, তা জানতে চান। সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীরা জানায়, ওই শিক্ষিকা তাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, তারা তা শেষ না করায় তাদের এ শাস্তি দেওয়া হয়। এ ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বিদ্যালয়টির নিবন্ধন বাতিল করেছেন। রয়টার্স। বোমায় আহতআফগানিস্তানের একজন প্রাদেশিক সরকারি কর্মকর্তা নূর-উল-আজিজ কান্দাহারে বোমার আঘাতে আহত হয়েছেন। গতকাল রোববার গাড়িতে করে নগরের মধ্য দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিনি আহত হন। আজিজ কান্দাহারের ধর্মবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আহত হওয়ার পর দ্রুত তাঁকে মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গতকালই ছেড়ে দেওয়া হয়। এএফপি।