সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
২০তম সন্তান২৩ মাস থেকে ২৩ বছর বয়সী ১৯টি সন্তান আছে মিচেল ডগারের। এর মধ্যে ১০টি ছেলে ও নয়টি মেয়ে। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা ডগার (৪৫) গত মঙ্গলবার গর্বের সঙ্গে ঘোষণা করেন, তিনি খুব শিগগির ২০তম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। ডগার ও তাঁর স্বামী জিম বব এনবিসি টেলিভিশনের একটি অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক খবরে তাঁরা খুব আশ্চর্য হয়েছেন। ডগার বলেন, ‘আমি ভাবিনি যে ঈশ্বর আমাদের আরেকটি সন্তান দেবেন।’ আর তাঁর স্বামী বব আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা কোনো বিজোড়-অস্বাভাবিক সংখ্যায় থেমে থাকতে চাইনি।’ এএফপি।মৃতের সংখ্যা ১০০ভিয়েতনামে গত এক সপ্তাহের টানা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০-তে দাঁড়িয়েছে। গতকাল বুধবার দেশটির জাতীয় বন্যা ও ঝড় নিয়ন্ত্রণ কমিটি জানিয়েছে, গত কয়েকদিন চারটি অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে ডুবে ১৭ জন বয়স্ক ব্যক্তি ও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে বন্যার পানিতে দক্ষিণ মেকং ডেলটা অঞ্চলে ৭৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৬৫ জন শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। বন্যায় প্রায় এক লাখ ৪০ হাজার ঘরবাড়িতে পাঁচ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এএফপি।