সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা বিস্ফোরণপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় জেলা খাইবারে গতকাল রোববার গাধাচালিত একটি গাড়িতে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছে। জেলার আফগান সীমান্তবর্তী মাস্তাক শহরে একটি বাজারের কাছে বালু বহনকারী গাড়িটি দাঁড় করানো ছিল। গাড়িতে বহনকারী বালুর ভেতরে বোমাটি পেতে রাখা হয়। পরে দূর থেকে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এর বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা সাইদ আহমেদ জান এ কথা জানান। আরেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মুতাহির জাইব বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিরা বর্তমানে আশঙ্কামুক্ত। এএফপি।গুলিতে নিহতফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপীড়িত মিন্দানাও দ্বীপে বন্দুকধারীদের গুলিতে এক পরিবারের চার সদস্য ও তাদের এক বন্ধু প্রাণ হারিয়েছে। সামরিক মুখপাত্র কর্নেল নোয়েল দে লা ক্রুজ জানান, গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কাপড় দিয়ে মাথা ও ঘাড় ঢাকা পাঁচজনের একটি দল হামলাটি চালায়। তারা আকস্মিকভাবে ওই কৃষক পরিবারের বাড়িতে ঢুকে গৃহকর্তা, তাঁর স্ত্রী, তাঁদের দুই ছেলে ও এক বন্ধুকে গুলি করে হত্যা করে। সেনা কর্মকর্তা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এএফপি।সন্দেহভাজন গ্রেপ্তারমিসরে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সশস্ত্র ইসলামি সংগঠন আল-তাকফির ওয়া আল-হিজরার শীর্ষস্থানীয় সদস্য মোহাম্মদ আল-তিহিকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গতকাল রোববার জানায়, উত্তর উপকূলীয় শহর আল-আরিশ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সিনাই উপত্যকার মধ্য দিয়ে স্থাপিত ওই পাইপলাইনে গত বৃহস্পতিবার হামলা হয়। ইসরায়েল ও জর্ডানে গ্যাস সরবরাহকারী ওই পাইপলাইনে চলতি বছর এ নিয়ে সপ্তমবারের মতো হামলা হলো। সিনাই উপত্যকায় নিয়ন্ত্রণ স্থাপন করতে হিমশিম খাচ্ছে মিসরের কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হয়। রয়টার্স।