সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
স্কটল্যান্ডে পান্ডাচীন গতকাল রোববার স্কটল্যান্ডে দুটি জায়ান্ট পান্ডা পাঠিয়েছে। পান্ডা দুটি এডিনবরা চিড়িয়াখানায় ১০ বছর থাকবে বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডে থাকার জন্য লুপ্তপ্রায় প্রাণী পান্ডা পাঠানোর ঘটনা এটাই প্রথম। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গতকালই ইয়াং গুয়ান ও তিয়ান তিয়ান নামের ওই পান্ডা দুটির এডিনবরায় পৌঁছানোর কথা। এ জন্য এডিনবরা চিড়িয়াখানা কর্তৃপক্ষ চীনকে বার্ষিক ১০ লাখ ডলার দেবে। পান্ডার সঙ্গে দুজন গবেষককেও সেখানে পাঠানো হয়েছে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর আগ পর্যন্ত ওই গবেষকেরা প্রাণী দুটিকে দেখাশোনা করবেন। এএফপি।বাদুড়ের কামড়েইকুয়েডরের আমাজন অববাহিকায় বাদুড়ের কামড়ে কমপক্ষে আটটি শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড চিরিবোগা জানান, গত ১৭ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত মরোনা সান্তিয়াগো প্রদেশে আদিবাসী সম্প্রদায়ের আটটি শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, কর্তৃপক্ষ স্থানীয় লোকদের আধুনিক চিকিৎসা বিষয়ে ভয় না পাওয়ার কথা বোঝানোর চেষ্টা করছে। কারণ, ওই আট শিশুকে বাদুড় কামড় দেওয়ার পর তাদের হাতুড়ে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। এএফপি।