সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নিরাপত্তা সতর্কতাথাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনের সময় পর্যটন এলাকা ও রাজধানী ব্যাংককের আশপাশে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার সাংবাদিকদের থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেনাবাহিনী, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে বলেছি, যাতে মানুষ অবাধে নববর্ষের আনন্দ উদ্যাপন করতে পারে। ব্যাংককের নগর পুলিশ জানায়, গত সপ্তাহে শহরে একটি বোমা উদ্ধারের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। এএফপি। মৃত্যুহার কমেছে২০০৪ সালের পর থেকে বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় মৃত্যুর হার নিয়মিতভাবে কমেছে। সম্প্রতি ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্টের প্রধান লেখক রিচার্ড সিবুলস্কিস এ তথ্য জানিয়েছেন। সিবুলস্কিস বলেন, কয়েক বছর আগে ম্যালেরিয়ার কারণে বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন শিশু মারা যেত। তিনি আরও বলেন, ‘২০০৬ সালে ঘানা সফরের সময়ও আমি এই পরিসংখ্যান ব্যবহার করেছি। ২০০৯ সালে বিশ্বে প্রতি ৪৫ সেকেন্ডে একজন শিশুর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। তবে বর্তমানে খুব সম্ভবত বিশ্বে প্রতি ৬০ সেকেন্ডে একজন শিশু মারা যাচ্ছে।’ বিবিসি। নেকটাইকে ‘না’চিলির কর্তৃপক্ষ কর্মীদের নেকটাই ব্যবহার না করার আহ্বান জানিয়েছে। চিলির বিদ্যুৎমন্ত্রী রদ্রিগো আলভারেজ বলেন, আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ সব ধরনের বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার কমিয়ে আনা। এ জন্য টেলিভিশনে বিজ্ঞাপনও সম্প্রচার করা হচ্ছে। এতে দেখা গেছে, মন্ত্রীরা টাই ত্যাগ করছেন এবং সরকারি ও বেসরকারি খাতের শ্রমিকদের স্বাভাবিক তাপমাত্রায় কাজ করার উৎসাহ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, এই প্রচারণার ফলে এক কোটি ডলারের বিদ্যুৎ সাশ্রয় হবে। এএফপি।শেকলবন্দী করেপাকিস্তানের করাচি শহরের একটি মাদ্রাসার ভূগর্ভস্থ কামরা থেকে শেকল বাঁধা অবস্থায় ৫৩ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সাত বছর বয়সী শিশুও রয়েছে। পুলিশ জানায়, মাদকাসক্তি দূর করতে ওই শিক্ষার্থীদের শিকলবন্দী করে রেখেছিল বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে। তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, শেকলবন্দী রেখে তাদের নিয়মিত মারধর করা হতো। পাকিস্তানের একটি শিক্ষাবিষয়ক সংস্থার প্রধান মন্তব্য করেন, ওই মাদ্রাসা একটি ‘নির্যাতনকেন্দ্র’ হিসেবে ব্যবহূত হতো। এএফপি।