সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নিলাম হবে২০১২ সালের এপ্রিলে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া বিলাসবহুল ব্রিটিশ প্রমোদতরী টাইটানিকের বিভিন্ন জিনিস নিলামে বিক্রি হবে। আগামী এপ্রিলে জাহাজটির ডুবে যাওয়ার ঘটনার শতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে এ নিলামের আয়োজন করা হয়েছে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, এ বিশাল সংগ্রহের মধ্যে পাঁচ হাজার ৫০০ ধরনের জিনিস রয়েছে। ২০০৭ সালে এর দাম ধরা হয়েছিল ১৮ কোটি ৯০ লাখ ডলার। ১৯৮৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত সাতটি গবেষণা এবং উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। রয়টার্স। বিমান হামলাগাজা উপত্যকায় গতকাল শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় আল-কায়েদার সঙ্গে জড়িত সংগঠনের একজন নেতা নিহত হয়েছেন। তাঁর নাম মোমেন আবু দাফ। এই নেতার বিরুদ্ধে ইসরায়েলের ভেতর স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ রয়েছে। তিনি ফিলিস্তিনি সংগঠনগুলোর নেটওয়ার্কের একটি অংশ এবং আল-কায়েদার সমর্থক বলে পরিচিত সংগঠন আর্মি অব ইসলামের নেতা বলে জঙ্গিরা শনাক্ত করেছে। হামাস প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল গাজা শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আবু দাফ নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ওই হামলায় পাঁচজন ফিলিস্তিনি আহত হয়েছেন। রয়টার্স। জব্দে রেকর্ডবিশ্বে গত এক বছরে রেকর্ডসংখ্যক হাতির দাঁত জব্দ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হাতির দাঁতের অবৈধ ব্যবসা বেড়েছে বলে জানিয়েছে বন্য প্রাণী পর্যবেক্ষক সংস্থা ট্রাফিক। গত বৃহস্পতিবার সংস্থাটি জানায়, ২০১১ সালে ১৩টি বড় ধরনের হাতির দাঁত জব্দ করার ঘটনা ঘটে। এ বছর প্রায় দুই হাজার ৫০০টি হাতির ২৩ টন দাঁত জব্দ করা হয়। ২০১০ সালে জব্দ করা হয় ১০ টন দাঁত। গত বছর জব্দ করা বড় আকারের দাঁতের ঘটনা ছিল ছয়টি। এএফপি।