সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সুমাত্রায় ভূমিকম্পইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর ও পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। এ ঘটনায় আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বের হয়ে এলেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর আবহাওয়া দপ্তর সুনামির সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেয়। ২০০৪ সালের সুনামিতে ইন্দোনেশিয়ায় অন্তত দুই লাখ মানুষ প্রাণ হারায়। রয়টার্স।ভারতীয়দের প্রাধান্যচলতি বছর ম্যান এশিয়ান সাহিত্য পুরস্কারের মনোনয়ন তালিকায় ভারতীয় লেখকদের প্রাধান্য রয়েছে। এশিয়ায় ইংরেজি সাহিত্যের এ সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ মার্কিন ডলার। সম্ভাব্য বিজয়ীর সংক্ষিপ্ত তালিকায় ভারতীয় তিন লেখক ছাড়াও পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের লেখক রয়েছেন। বিচারকমণ্ডলীর প্রধান রাজিয়া ইকবাল বলেন, এশিয়ার সাহিত্যে দ্রুত পরিবর্তনশীল সমসাময়িক জীবনের উপস্থাপন ও গল্পের কাল্পনিক শক্তি বিবেচনা করে ওই সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এএফপি।স্বাধীনতার লক্ষ্যেযুক্তরাজ্য থেকে পৃথক হয়ে স্বাধীনতার লক্ষ্যে গণভোটের জন্য প্রচারাভিযান শুরু করেছে স্কটল্যান্ড। স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতৃত্বাধীন সরকার গত মঙ্গলবার জানায়, ২০১৪ সালের শেষ দিকে এ গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী সরকার। তবে এ ব্যাপারে সম্ভাব্য অনিশ্চয়তা দূর করতে যত শিগগির সম্ভব গণভোট চায় যুক্তরাজ্য। এ নিয়ে দুই পক্ষের বিরোধ শুরু হয়েছে। ব্রিটিশ সরকার বলছে, স্কটিশ পার্লামেন্ট স্বাধীন গণভোটের দাবি জানানোর আইনি ক্ষমতা রাখে না। রয়টার্স।তারা বেশি কাঁদেযেসব শিশু মায়ের বুকের দুধ খায়, তারা বেশি কাঁদে। বিশেষজ্ঞরা ব্যাপারটিকে স্বাভাবিক বলেই পরামর্শ দিয়েছেন নতুন মায়েদের। মেডিকেল রিসার্চ কাউন্সিলের (এমআরসি) একটি দল জানায়, শিশুদের শান্ত করার বিভিন্ন উপায় থাকলেও বুকের দুধ খাওয়ানোই সবচেয়ে ভালো। নবজাতককে প্রথম ছয় মাস বুকের দুধ খাওয়াতে মায়েদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। এমআরসির শীর্ষ গবেষক কেন অং বলেন, বোতলের দুধ পানকারী শিশুদের অধিক শান্ত মনে হলেও অতিরিক্ত পুষ্টির ফলে তাদের ওজন দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিবিসি।