সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৃত্যুবার্ষিকী পালিতভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি মারা গেছেন। দিনটি পালনে তাঁর দল সিপিএমের পক্ষ থেকে বিশেষ কোনো কর্মসূচি নেওয়া হয়নি। জ্যোতি বসুই ভারতের একমাত্র ব্যক্তি, যিনি টানা ২৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতার হ্যারিসন রোডের বাড়িতে তাঁর জন্ম। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারুদিতে জ্যোতি বসুর পূর্বপুরুষদের বাড়ি। শৈশবের একটা সময় বারুদিতে কাটান তিনি। ১৯৭৭ সালের নির্বাচনে বাম ফ্রন্টের বিপুল বিজয়ের পর ২১ জুন তিনি বাম ফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বাস্থ্যগত কারণে অবসর নেন ২০০০ সালের ৬ নভেম্বর। কলকাতা প্রতিনিধি।সবচেয়ে বড়আফগানিস্তানের কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে বড় পবিত্র কোরআন শরিফ নকল করার দাবি করেছে। আফগানিস্তানের হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, দৈর্ঘ্যে ২ দশমিক ২৮ এবং প্রস্থে ১ দশমিক ৫৫ মিটারের বিশালাকায় ওই পবিত্র ধর্মীয় গ্রন্থটি নকল করেছেন মোহাম্মদ সাবির খেদরি নামে একজন স্থানীয় ক্যালিওগ্রাফার। এতে সময় লেগেছে পাঁচ বছর। ৫০০ কেজি ওজনের এই পবিত্র গ্রন্থটির পৃষ্ঠাসংখ্যা ২১৮। এর মোড়ক চামড়া দিয়ে বাঁধাই করা। এটি নকল করতে খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ ডলার। রয়টার্স।কর্তব্যে অবহেলাতাঁদের একমাত্র দায়িত্ব অপরাধের বিরুদ্ধে লড়াই করা। তবে তাঁরা অবৈধভাবে প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিয়ে ছাগলের মাংস বিক্রি করার কাজে সহযোগিতা করেছেন। এতে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। যাঁদের কথা বলা হচ্ছে, তাঁরা আসলে পুলিশের সদস্য। ঘটনাটি ঘটেছে নেপালের কাঠমান্ডুর একটি শহরতলিতে। গতকাল মঙ্গলবার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশের ওই ১০ জন সদস্য থানায় স্থানীয় মানুষকে ছাগল জবাই করতে সহায়তা করতেন। এরপর সেখান থেকে স্থানীয় মানুষের কাছে তা বিক্রি করা হতো। এ ঘটনায় ওই পুলিশ সদস্যদের অন্যত্র বদলি করা হয়েছে। এএফপি।