সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ পুলিশ নিহতভারতের ঝাড়খন্ড রাজ্যের গড়ওয়া জেলায় ভূমিমাইন বিস্ফোরণে পুলিশের ১৩ সদস্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে মাওবাদী বিদ্রোহীরা ওই ভূমিমাইন পেতে রেখেছিল। গতকাল শনিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মাওবাদী নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেনজির হত্যার প্রতিশোধ নিতেই ওই ভূমিমাইন পাতা হয়। গত বছর ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিষেনজিকে হত্যা করে। এএফপি। মারিও মন্তি লিবিয়ায়ইতালির প্রধানমন্ত্রী মারিও মন্তি গতকাল শনিবার এক সরকারি সফরে লিবিয়ায় পৌঁছেছেন। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে এটাই মন্তির প্রথম সফর। কর্মকর্তারা জানান, সফরকালে মন্তি লিবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মন্তি দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন। নতুন লিবিয়ার পুলিশকে প্রশিক্ষিত করে তোলার ক্ষেত্রে ইতালীয় সেবা দেওয়ার বিষয়ে একটি প্রস্তাবও দেবেন। এ ছাড়া মন্তি লিবিয়ায় ইতালীয় কনস্যুলেটেরও উদ্বোধন করবেন। এএফপি।