সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বই বিক্রি নিষিদ্ধমুসলিমপ্রধান দেশ মালয়েশিয়ায় গতকাল বুধবার শিশুদের একটি যৌনশিক্ষার বইয়ের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ লেখক পিটার মেয়েলের লেখা বইটির বিষয়বস্তু শিশুদের নৈতিক মূল্যবোধে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ৪৪ পৃষ্ঠার হোয়ার ডিড আই কাম ফ্রম? শীর্ষক সচিত্র বইটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। গর্ভধারণ ও জন্ম সম্পর্কে শিশুদের ধারণা দিতে অভিভাবকদের সহায়তা করাই ছিল এই বইয়ের লক্ষ্য। সমাজের ওপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় এটি নিষিদ্ধ করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এএফপি।পানির অস্তিত্বসৌরজগতের বাইরে অবস্থিত ‘জিজে ১২১৪বি’ হিসেবে পরিচিত গ্রহে পানির অস্তিত্বের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। মহাকাশ পর্যবেক্ষণের বিশেষ দূরবীন হাবল টেলিস্কোপের মাধ্যমে ওই গ্রহের একটি বড় অংশে পানির অস্তিত্ব শনাক্ত করার কথা দাবি করেছেন বিজ্ঞানীরা। হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাসট্রোফিজিকসের প্রধান বিশেষজ্ঞ জ্যাকোরি বার্টা বলেন, ‘আমাদের পরিচিত কোনো গ্রহের সঙ্গে এর মিল নেই।’ বিজ্ঞানীদের কাছে ‘সুপার আর্থ’ বলে পরিচিত এই গ্রহ ২০০৯ সালে আবিষ্কৃত হয়। আকারে এটি আমাদের পৃথিবীর চেয়ে বড়, কিন্তু বৃহস্পতির চেয়ে ছোট। বিবিসি।সবচেয়ে দীর্ঘদুবাইয়ের পাতাল রেলপথ বিশ্বের সবচেয়ে দীর্ঘ চালকহীন পাতাল রেলপথ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এই পাতালরেল ‘দুবাই মেট্রো’ নামে পরিচিত। লাল ও সবুজ লাইনের সমন্বয়ে ৭৫ কিলোমিটার দীর্ঘ এই পথে কোনো চালক ছাড়াই ট্রেন চলাচল করে। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) চেয়ারম্যান মাত্তার আল তায়ের এ বিষয়ে সনদ গ্রহণ করেন। খালিজ টাইমস।