সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
রাশিয়ায় ভূমিকম্পরাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ায় গতকাল রোববার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮। দেশটির জরুরিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে। তুভা প্রজাতন্ত্রের কাইজাল শহর থেকে ১০৭ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় স্থানীয় সময় বেলা একটা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গোলিয়ার সীমান্তবর্তী এ এলাকাটি রাশিয়ার সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি। এএফপি।অ্যান্টার্কটিকায় বিস্ফোরণঅ্যান্টার্কটিকায় ব্রাজিলের নৌবাহিনীর একটি গবেষণা কেন্দ্রে বিস্ফোরণে দুজন নৌসেনা নিহত এবং একজন আহত হয়েছেন। দেশটির নৌবাহিনী সূত্র জানায়, গত শনিবার অ্যান্টার্কটিকায় অবস্থিত ফেরাজ ঘাঁটিতে এ বিস্ফোরণ ঘটে। এখানে ব্রাজিলীয় নৌবাহিনীর প্রয়োজনীয় গবেষণা হতো। আগুন থেকে এ বিস্ফোরণের সূত্রপাত বলে জানা যায়। আহত সেনার অবস্থা স্থিতিশীল। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে বিজ্ঞানীদের সরিয়ে পার্শ্ববর্তী চিলিতে নিয়ে যাওয়া হয়। আহত নৌসেনাকে গতকালই চিলি থেকে ব্রাজিলে ফিরিয়ে আনার কথা। বিবিসি। মেশিনগান জব্দভারতের দক্ষিণ উপকূলের কোচিন বন্দরে নোঙর করা ইতালির একটি তেলবাহী ট্যাংকার থেকে গতকাল রোববার মেশিনগানসহ বেশ কিছু অস্ত্র জব্দ করেছে ভারতীয় পুলিশ। ১৫ ফেব্রুয়ারি ভারত মহাসাগরে মাছ ধরার সময় দুজন জেলেকে জলদস্যু ভেবে ওই ট্যাংকার থেকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ভারতীয় পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ট্যাংকারে মোতায়েন করা দুই ইতালীয় সেনাকেও হত্যার অভিযোগে আটক করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের পর থেকে ভারত ও ইতালির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। ইতালি কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটে। এতে করে ভারতীয় আইনে ওই দুই সেনার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার অধিকার রয়েছে। এএফপি।