সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বোমায় নিহত ৫পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা শহরে গতকাল সোমবার বোমা হামলায় পাঁচজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। পুলিশ জানায়, প্রদেশের মুখ্যমন্ত্রী আমির হায়দার ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা নওশেরায় একটি জনসভা শেষে যাওয়ার পরপরই বোমার বিস্ফোরণ ঘটে। এটি ছিল দূরনিয়ন্ত্রিত একটি বোমা। বোমাটিতে তিন থেকে চার কেজি বিস্ফোরক ছিল। খাইবার পাখতুনখাওয়ায় গত পাঁচ দিনের মধ্যে এটি তৃতীয় বোমা হামলার ঘটনা। এএফপি।মদপানের শাস্তিমদ পান করায় ইয়েমেনের চার নাগরিককে ৮০টি করে বেত্রাঘাত করেছে আল-কায়েদার জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, আবিয়ান প্রদেশের জার শহরে গত রোববার রাতে শত শত মানুষের সামনে এই শাস্তি দেওয়া হয়। ওই এলাকা আল-কায়েদার ইয়েমেনি শাখার শক্ত ঘাঁটি। জঙ্গিরা সেখানে এ ধরনের ইসলামের কঠোর আইন চালু করেছে। এএফপি।চরবৃত্তির অভিযোগেইরান ও পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক, তিনজন সরকারি কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দেশটির গোয়েন্দা সংস্থা এ কথা জানায়। তাঁদের এক মাস আগে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থার মুখপাত্র লুতফুল্লাহ মাশাল সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী দেশে চরবৃত্তির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।’ এএফপি।