সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অপহরণপাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে গতকাল বুধবার দুই খ্রিষ্টান নাগরিককে অপহরণ করেছে বন্দুকধারীরা। ওই দুই নাগরিক দক্ষিণ কোরিয়া পরিচালিত করাচির একটি দাতব্য হাসপাতালে কাজ করেন। স্থানীয় থানার পুলিশপ্রধান সাবির খান বলেন, একটি গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার সময় চারজন বন্দুকধারী তাঁদের অপহরণ করে নিয়ে যায়। তবে ওই গাড়িতে কোনো বিদেশি নাগরিক ছিলেন না। অপহূত ব্যক্তিদের উদ্ধারে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এএফপি। জঙ্গি গ্রেপ্তারভারতের রাজধানী নয়াদিল্লির প্রধান রেলস্টেশনের কাছ থেকে গতকাল বুধবার বিস্ফোরকদ্রব্যসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। নয়াদিল্লির পুলিশের মুখপাত্র রাজন ভগবত বলেন, তারা কোন সংগঠনের সদস্য, তা এখনো জানা যায়নি। শীর্ষ পর্যায়ে তদন্ত চলছে। বার্তা সংস্থা পিটিআই জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য হতে পারে। ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলার পরিকল্পনা রয়েছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এএফপি।