সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
চিত্রকর্ম উদ্ধারকলম্বিয়ার জাদুঘর থেকে চুরি হয়ে যাওয়া বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাজধানী বোগোটার স্থানীয় এক কৌঁসুলির কার্যালয় এ তথ্য জানায়। ৬৫ হাজার মার্কিন ডলার মূল্যের এই চিত্রকর্ম গত অক্টোবরে পোপায়ান শহরের একটি জাদুঘর থেকে চুরি হয়। পোপায়ান শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে চিত্রকর্মটি বিক্রির সময় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার ও ছবিটি উদ্ধার করে। চুরি হওয়ার পর কর্তৃপক্ষ চিত্রকর্মটি কেউ উদ্ধার করে দিতে পারলে তাঁর জন্য পাঁচ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। শিরোনামহীন এই চিত্রকর্ম ১৯৩০ সালে আঁকা হয়। এএফপি।বাসে বোমা বিস্ফোরণতুরস্কের ইস্তাম্বুলে পুলিশদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণে ১৬ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয়ের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুলের পুলিশ-প্রধান হোসেইন ক্যাপকিন বলেন, বোমাটি ছিল দূরনিয়ন্ত্রিত। ওই সময় বাসে ২১ জন পুলিশ সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এএফপি।