সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিচ্ছেদসুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রিনফেল্ড এবং তাঁর স্ত্রী ফিলিপ্পা ২০ বছর সংসার করার পর আলাদা হয়ে গেছেন। প্রধানমন্ত্রীর তথ্য দপ্তর থেকে গত বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়। তবে কেন তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন, সে সম্পর্কিত কোনো তথ্য বিবৃতিতে জানানো হয়নি। প্রধানমন্ত্রী ফ্রেডরিক ও ফিলিপ্পা দুজনই সুইডেনের কেন্দ্রীয় ডানপন্থী মডারেটস দলের সদস্য। ফ্রেডরিক ও ফিলিপ্পার তিনটি সন্তান রয়েছে। তবে এই দম্পতি বিবাহবিচ্ছেদের জন্য আনুষ্ঠানিক কোনো আবেদন করেছেন কি না, তা জানা যায়নি। রয়টার্স। কারাদণ্ডভিয়েতনামের একটি আদালত মানব পাচারকারী একটি চক্রের ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। এক সপ্তাহের শুনানির পর আদালত এ রায় দেন। চক্রের হোতা ভু ভান কঙ্গকে ২৬ এবং বাকি ২৮ জনকে ২২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১০ সালে এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর থেকেই অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছিল। চক্রটি চীনে যৌনদাসী হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে কিশোরীদের পাচার করত। এএফপি।