সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অপচয়ের দায়েসিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী ও ফার্স্ট লেডি আসমা আল-আসাদকে মাত্রাতিরিক্ত খরচের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। গতকাল রোববার সংবাদ সংস্থা এএনআই জানায়, ফার্স্ট লেডি আসমা অনলাইনে এক দিনে ১০ হাজারের বেশি পাউন্ড ব্যয় করে অপ্রয়োজনীয় বেশকিছু বিলাসী জিনিসপত্র কেনেন। ওই অনলাইন বাজার থেকে এ-সংক্রান্ত একটি ই-মেইল দেশটির কোষাধ্যক্ষের কাছে পাঠানো হয়। কোষাধ্যক্ষ সেই ই-মেইল প্রেসিডেন্ট বাশারের কাছে পাঠিয়ে দেন। ই-মেইল বার্তায় বলা হয়, ফার্স্ট লেডি ১০ হাজারের বেশি পাউন্ড দিয়ে প্যারিস থেকে মোম, টেবিল ও ঝাড়বাতি কিনেছেন। লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকা সিরিয়ার একজন শীর্ষ আইনজীবীর বরাত দিয়ে জানায়, এই অপব্যয়ের জন্য ফার্স্ট লেডি আসমাকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে। টাইমস অব ইন্ডিয়া।গুলিবিদ্ধ ১৩টি লাশপাকিস্তানের উপজাতি-অধ্যুষিত খাইবার অঞ্চলের বারা এলাকায় গতকাল রোববার ১৩টি গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী ওই এলাকায় বর্তমানে পাকিস্তানি নিরাপত্তাকর্মীদের জঙ্গিবিরোধী অভিযান চলছে। দুই দিন আগে ওই এলাকায় আরও ১২টি লাশ পাওয়া যায়, যাদের দেহে অসংখ্য নির্যাতন ও গুলির ক্ষত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, আধাসামরিক ফ্রন্টিয়ার কোরের (এফসি) একটি নিরাপত্তা চৌকিতে হামলায় চারজন নিহত হওয়ার কয়েক দিন পর এফসি সদস্যরা সেপাহ এলাকা থেকে ওই ব্যক্তিদের ধরে নিয়ে যায়। রয়টার্স।