সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মানব বিলবোর্ডঋণ পরিশোধের জন্য অর্থ জোগাতে যুক্তরাজ্যের শিক্ষার্থীরা বিজ্ঞাপনের জন্য এখন ভাড়া দিচ্ছেন নিজেদের মুখমণ্ডল। লন্ডনের ব্যবসাকেন্দ্র অক্সফোর্ড সার্কাসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক দুই তরুণ রস হারপার ও এড ময়স। তাঁদের মুখমণ্ডলে বিজ্ঞাপন দিতে হলে কোনো প্রতিষ্ঠানকে দৈনিক ১০০ পাউন্ড গুনতে হয়। শিক্ষাঋণ পরিশোধের জন্য এ পদ্ধতিতে গত অক্টোবর থেকে ৩০ হাজার পাউন্ড আয় করেছেন হারপার ও ময়স। যুক্তরাজ্যে তরুণদের বেকারত্বের হার বর্তমানে ২২ শতাংশ। এএফপি।জাতীয় পানীয় চা-কে ভারতের জাতীয় পানীয় ঘোষণার প্রস্তাব দিয়েছে আসামের রাজনৈতিক দল অসম গণপরিষদ (অগপ)। ভারতের পার্লামেন্টে গত মঙ্গলবার এ প্রস্তাব উত্থাপন করেন অগপের সাংসদ বীরেন বৈশ্য। তাঁর প্রস্তাবে সমর্থন জানান আসামের সাংসদেরা। বীরেন বৈশ্য বলেন, বিশ্বে ব্ল্যাক টি উৎপাদনকারী শীর্ষ দেশ ভারত। চা থেকে দেশটির বার্ষিক আয় ১০ হাজার কোটি রুপি। দার্জিলিং, ডুয়ার্স, নীলগিরি এবং আসামের চা পৃথিবীজুড়ে বিখ্যাত। ভারতের সব রাজ্যেই প্রধান পানীয় চা। কলকাতা প্রতিনিধি।কাগজের আইপ্যাডচীনে অ্যাপলের আইপ্যাড ও আইফোনের কাগজ দিয়ে তৈরি নকল ফোন (রেপ্লিকা) এখন ব্যাপক হারে বিক্রি হচ্ছে। অনেক পুরোনো একটি স্মরণানুষ্ঠানকে সামনে রেখেই এই নকল আইপ্যাড ও আইফোন বিক্রি। প্রতিবছর এ অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে লাখ লাখ চীনা তাঁদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। আগামী ৪ এপ্রিল ‘টম্ব সুইপিং ডে’র এ অনুষ্ঠানে তাঁরা পূর্বপুরুষের সমাধিস্থলে হরেক রকমের খাবার সাজিয়ে এবং পোশাক, টাকাপয়সা, কাগজ দিয়ে তৈরি গাড়ি-বাড়ি এমন নিত্যব্যবহার্য সামগ্রী পুড়িয়ে তাঁদের স্মরণ করবেন। চীনাদের ধারণা, এতে পূর্বপুরুষেরা এই সামগ্রীগুলো ব্যবহার করতে পারেন এবং আধুনিক জীবনের সঙ্গে তাঁদের মানানসই করে তোলা সম্ভব হয়। এএফপি।