সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
মৃত্যুদণ্ডের পক্ষে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের বিপক্ষে। তবে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা মৃত্যুদণ্ডের বিধানের পক্ষে অবস্থান নিয়েছেন। ২০১০ সালের পর গত সপ্তাহে প্রথমবারের মতো জাপানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর নোদা বার্তা সংস্থা কিয়োদোকে বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকরের বিধান থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই।’ তিনি বলেন, ‘জঘন্য অপরাধ কমেছে বলে বিবেচনা করার মতো পরিস্থিতি আসেনি এখনো।’ বিবিসি।শিশুদের রক্ষায়শিশুদের পরোক্ষ ধূমপান থেকে রক্ষার একমাত্র উপায় হলো বাড়ি-গাড়িকে ধূমপানমুক্ত রাখা। যুক্তরাজ্যে ধূমপানবিরোধী প্রচারণার অংশ হিসেবে বিজ্ঞাপনে এ তথ্য প্রচার করা হচ্ছে। গবেষণাভিত্তিক তথ্যের ভিত্তিতে বেতার ও টেলিভিশনে প্রচারিত এসব বিজ্ঞাপনে পরোক্ষ ধূমপানের সূদুরপ্রসারী ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। এ ছাড়া পরোক্ষ ধূমপানের অদৃশ্য ও গন্ধহীন বায়বীয় রূপ সম্পর্কে তথ্য দেওয়া হয়। বিবিসি। মাত্র ২৪ বছরে...মাত্র ২৪ বছর বয়সে চিকিৎসা শাস্ত্রে এমআরসিপি (মেম্বার অব রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস) করেছেন একজন বাঙালি চিকিৎসক। তাঁর নাম শুভেন্দু ভট্টাচার্য। এটি বিশ্ব রেকর্ড বলে দাবি করা হচ্ছে। এই কৃতিত্বের জন্য এর মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে পশ্চিমবঙ্গের হাওড়ার এই চিকিৎসকের। গত বুধবার গিনেস বুক কর্তৃপক্ষ তাঁর রেকর্ডের সনদ পাঠিয়েছে। কলকাতা প্রতিনিধি।