সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ফ্রিডম টাওয়ারনিউইয়র্কের বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থানে নির্মীয়মাণ ফ্রিডম টাওয়ারের কাজ ১০০ তলা পর্যন্ত পৌঁছেছে। প্রকল্পটির মালিকপ্রতিষ্ঠান গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সাধারণভাবে এটি ‘ফ্রিডম টাওয়ার’ হিসেবে পরিচিত হলেও সরকারিভাবে এর নাম ‘ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। ভবনটির ইস্পাতের কাঠামোর নির্মাণ ১০০ তলা পর্যন্ত পৌঁছালেও এর শীর্ষে যেতে এখনো চার তলা বাকি রয়েছে। নির্মাণ শেষ হলে এটি হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন। এক হাজার ৭৭৬ ফুট উঁচু টাওয়ারটি ২০১৩ সালে খুলে দেওয়ার কথা। এএফপি।১৬ বছর পর জার্মানির একজন নারী বেশ কয়েক বছর পর তাঁর প্রিয় পোষা বিড়ালকে আবার পেতে যাচ্ছেন। ১৬ বছর আগে এটি হারিয়ে যায়। বিড়ালটি মারা গেছে বলে তিনি এত দিন মনে করেছিলেন। পশুপালনকারী একটি প্রতিষ্ঠান জানিয়েছে, পোলডি নামের ওই বিড়ালকে দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের কাছে একটি বনে পাওয়া যায়। জীর্ণশীর্ণ অবস্থায় উদ্ধারের পর একে শহরের পশু আশ্রমে নিয়ে যাওয়া হয়। বিড়ালটির কানের পেছনে অঙ্কিত ট্যাটু দেখে সহজেই এটিকে শনাক্ত করা যায় এবং এর মালিককে তাঁরা সহজে খবর দিতে সমর্থ হন। আজ বৃহস্পতিবার বিড়ালটিকে ওই নারীর হাতে তুলে দেওয়ার কথা। এএফপি।